স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী
অবশেষে ঘোষণা করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ। আগামী দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে ক্ষমতাসীন দল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন নির্দলীয় ও সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হলেও দল সমর্থিত প্রার্থী রাখা হবে। ক্ষেত্রবিশেষে সাংবাদিক সম্মেলন বা কর্মীসভা করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
নির্বাচন নিরপেক্ষ রাখা প্রসঙ্গে বিএনপি প্রধান তারেক রহমানের বার্তা উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান জানান, নির্বাচনে কাউকে অসদুপায়ে জিতিয়ে আনার সুযোগ নেই। প্রার্থীদের নিজ যোগ্যতায়, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জয়ী হয়ে আসতে হবে। বিগত সরকারের মতো প্রভাব খাটানোর কোনো সুযোগ বর্তমান সরকার বা দলের পক্ষ থেকে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও নিশ্চিত করেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সঠিক ফলাফল নিয়ে ফিরতে পারেন, সরকার সে ব্যবস্থা করবে। তিনি আরও জানান, স্থানীয় সরকারের ধাপগুলোর মধ্যে সবার শেষে অনুষ্ঠিত হবে জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচন।